শিরোনাম

ঢাকা, ১৬ জুলাই, ২০২৬ (বাসস) : জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় মসজিদ কমিটির সভাপতি, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক, অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলামের সভাপতিতে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদদীন এবং মহিলাদের নামাজের জন্য নির্ধারিত স্থানে বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: রইছ উদদীন বলেন, ২০২১ সালের ১৬ জুলাই আজকের এই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মসজিদে দোয়া মাহফিলে মাত্র চারজন লোক উপস্থিত ছিলো।
জুলাই গণ-অভ্যুত্থানে সরকার পরিবর্তনের কারণে আজকে মসজিদ ভর্তি লোক দোয়ায় অংশগ্রহণ করেছে।
জুলাই হয়েছে বিধায় এটা সম্ভব হয়েছে। তাই জুলাই গণ-অভ্যুত্থানকে আমাদের বুকে ধারণ করতে হবে। ছাত্র আন্দোলনে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করতে হবে। এদের আত্মদানের ফলেই জাতি স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পেয়েছে। ছাত্র-জনতার সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা এবং ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তাদের চেতনাকে মননে ধারণ করতে হবে।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লব কারো কোনো একক অবদান নয়। এটি শিক্ষার্থী, দিনমজুর ও কৃষকসহ সাধারণ মানুষের দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের ফসল। তাই জুলাইয়ের চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে, তবেই শহীদদের দর এই আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
এসময় তিনি শহীদদের স্মরণে বিশেষ স্মৃতিচারণ এবং তাদের রুহের মাগফিরাত কামনায় কামনা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের (জকসু) সাধারণ সম্পাদক ও জবি কর্মকর্তা সমিতির সভাপতি।
দোয়া মাহফিল সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন এবং পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম-কাম-খতিব মাওলানা মো. ছালাহ উদ্দিন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক সমিতি, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, জকসু, জবি ছাত্রদল ও জবির ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।