শিরোনাম

নেত্রকোণা, ১৬ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার পূর্বধলা উপজেলার নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের পালেরঘাট নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রুবান মিয়া নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও তার সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবান মিয়া জেলার মদন উপজেলার হাঁসকুড়ি গ্রামের মৃত সবুজ মিয়ার ছেলে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বাসস’কে জানান, আজ ভোর সোয়া ৬টার দিকে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ইসবপুর এলাকার পালেরঘাট নামক স্থানে ময়মনসিংহগামী একটি ট্রাক এবং বিপরীত দিক থেকে আসা নেত্রকোণাগামী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাক দুটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এতে ময়মনসিংহগামী ট্রাকের চালক স্টিয়ারিংয়ের সাথে আটকে ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার বিকট শব্দ পেয়ে স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা অপর ট্রাকের আহত চালক ও হেলপারকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ২৫০ শয্যা বিশিষ্ট নেত্রকোণা সদর হাসপাতালে পাঠান।
খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং পূর্বধলা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মীরা বেশ কিছুক্ষণের চেষ্টায় দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকটি কেটে ভেতরে আটকে থাকা নিহত চালকের মরদেহ উদ্ধার করেন।
ওসি মো. আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।