বাসস
  ১৬ জুলাই ২০২৬, ১৮:৫৬

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু, আহত ২

মেহেরপুর, ১৬ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার গাংনীতে সেচ পাম্পের (বোরিং) মোটরের ঘরে সিসি ক্যামেরা স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরাল হোসেন (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

এসময় সেচ পাম্পের মালিক সাইফুল ইসলাম ও কৃষক সাহারুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। 

মৃত নুরাল হোসেন ধর্মচাকী পশ্চিমপাড়ার আজিজুল হকের ছেলে। 

আজ বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নুরাল হোসেন মাঠে ঘাস কাটতে গিয়েছিল। এ সময় পার্শ্ববর্তী সেচ পাম্পের মালিক সাইফুল ইসলাম তার মোটরের ঘরে সিসি ক্যামেরা লাগানোর কাজ করছিল। তিনি মাঠে থাকা নুরাল হোসেন ও সাহারুল ইসলামেকে ডেকে সহযোগিতা নেন। ক্যামেরা লাগানোর একপর্যায়ে অসাবধানতাবশত তারা তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় ঘটনাস্থলেই নুরাল হোসেনের মৃত্যু হয়।

স্থানীয়রা আহত সাইফুল ও সাহারুলকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারুক হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট নুরাল হোসেনকে হাসপাতালে নিয়ে আসার আগেই  তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।