বাসস
  ১৬ জুলাই ২০২৬, ১৩:৫৮

কনফিডেন্স সল্ট কারখানায় বিস্ফোরণে ১১ শ্রমিক দগ্ধ 

চট্টগ্রাম (দক্ষিণ), ১৬ জুলাই ২০২৬ (বাসস): জেলার বোয়ালখালীতে একটি লবণ কারখানায় কাজ করার সময় বিস্ফোরণে অন্তত ১১জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের জন্য ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

আজ সকাল ১০টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডীতে অবস্থিত কনফিডেন্স সল্ট কারখানায় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ফাঁড়ির দায়িত্বরত সাব ইন্সপেক্টর (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান, আহতদের মধ্যে ১০ জনকে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 

তিনি বলেন, সকাল ১১টার দিকে বিস্ফোরণে দগ্ধ ১০ জন শ্রমিককে চমেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। আহত শ্রমিকরা জানিয়েছে হঠাৎ করে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। 

চমেক হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ শ্রমিকেরা হলেন, দিদারুল আলম(৩২), উজ্জ্বল দাশ(৫৩), মোহাম্মদ লিটন(২৮), সিরাজুল ইসলাম(৩৪), জাহিদুল আলম(৪২), মোহাম্মদ জাহিদ হোসেন(৩৮), নূর নবী (২৫), মোহাম্মদ আলম(৪৫), মাহামুদুল হক(৪৫) ও সেলিম উদ্দিন(৩০)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বাসসকে বলেন, কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ ১০ জনকে চমেক হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে পাঁচ জনের দগ্ধের মাত্রা বেশি আশঙ্কাজনক।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা জানান, দগ্ধ আরেক শ্রমিক আহসানুল হক(৪৫) জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। 

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন লিডার মোহাম্মদ আজাহার বলেন, ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়েছে। খবর পেয়ে আমরা ফিরে এসেছি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ওয়েল্ডিং করার সময় এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

তবে কারখানার ম্যানেজার (এডমিন) মো. বোরহানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।