শিরোনাম

ঢাকা, ১৫ জুলাই, ২০২৬ (বাসস) : জলবায়ু-সহনশীল ‘ডিজিটাল ই-হেলথ সিস্টেম' গড়ে তোলার কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
তিনি বলেন, ডিজিটাল স্বাস্থ্য খাতের ঘাটতি পূরণে সরকারের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে সমন্বয় করে একটি জলবায়ু-সহনশীল ‘ডিজিটাল ই-হেলথ সিস্টেম’ গড়ে তোলার কাজ চলছে।
বুধবার পরিবেশ অধিদপ্তরে আয়োজিত ‘প্রকৃতি ও স্বাস্থ্য: জলবায়ু-সহনশীল জনস্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রতিমন্ত্রী এ কথা বলেন। এ সভার আয়োজন করে ইউএনওপিএস বাংলাদেশ।
ড. এম এ মুহিত বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ২০৩০ সালের মধ্যে বছরে প্রায় ৩৪ হাজার কোটি টাকা অর্থনৈতিক ক্ষতির ঝুঁকিতে রয়েছে দেশ। এই বিশাল আর্থিক ও স্বাস্থ্যঝুঁকি কমাতে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এই পাইলট প্রকল্পের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় দেশব্যাপী আরও বড় প্রকল্প গ্রহণ করবে।
বন্যাদুর্গত ও দুর্গম চর অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি ব্যতিক্রমী ও বাস্তবমুখী প্রস্তাব তুলে ধরে এম এ মুহিত বলেন, দুর্গম চরের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কেবল মোবাইল ভ্যান নয়, ‘বোট বেসড’ বা নৌকা-ভিত্তিক ভ্রাম্যমাণ হাসপাতাল ব্যবস্থা চালু করা প্রয়োজন।
নদীভাঙন ও চর অঞ্চলের মানুষের স্থায়ী ভাগ্যোন্নয়নের জন্য সংসদে ‘চর উন্নয়ন ফাউন্ডেশন’ গঠনের দাবি পুনর্ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।