বাসস
  ১৬ জুলাই ২০২৬, ০০:৪৪

গুলিস্তানে সেলুনে বিস্ফোরণে দগ্ধদের দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ফাইল ছবি

ঢাকা, ১৫ জুলাই, ২০২৬ (বাসস) : রাজধানীর গুলিস্থানের আলু বাজার এলাকায় একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার মন্ত্রী হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাছির উদ্দীন নাছির, যুগ্ম পরিচালক ডা. ইকবাল আহমেদ, আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমানসহ আহতদের স্বজনরা।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। এছাড়া তিনি বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের সরকারিভাবে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে গুলিস্থানের ‘আরমান হেয়ার কাটিং’ নামের একটি সেলুনে বিস্ফোরণের ঘটনায় গ্রাহক ও কারিগরসহ ১০ জন অগ্নিদগ্ধ হন। 

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাছির উদ্দীন জানান, দগ্ধদের মধ্যে ৩ জনের শ্বাসনালী পুড়ে গেছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।