শিরোনাম

খুলনা, ১৫ জুলাই, ২০২৬, (বাসস): খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড, ইউজিসি অ্যাওয়ার্ড ও বিইউএস-ইউএসডিএ অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষক এবং চলমান বিইউএস-ইউএসডিএ প্রকল্পের গবেষক শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের চতুর্থ তলার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের মেধা, প্রজ্ঞা ও সৃজনশীল চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়কে কীভাবে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপাচার্য বলেন, বিভিন্ন মর্যাদাপূর্ণ পুরস্কার প্রাপ্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণার গৌরবময় স্বীকৃতি, যা সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে বড় ভূমিকা রাখে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের যেসকল শিক্ষক এই গৌরব অর্জন করেছেন, আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার এই অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে আপনাদের সুচিন্তিত মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, আধুনিক যুগ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর যুগ। এই সময়ে একটি সুনির্দিষ্ট 'এআই পলিসি' তৈরি করা জরুরি, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক দিকগুলোকে আমরা গবেষণার কাজে সঠিকভাবে ব্যবহার করতে পারি।
সভায় অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকরা 'অথর সার্ভিস ইউনিট' চালু করা, স্কোপাস ইনডেক্সিং, ইন্টার-ইউনিভার্সিটি কোলাবরেশন (আন্তঃবিশ্ববিদ্যালয় সহযোগিতা), গবেষণার ফান্ড ও উপকরণ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে তাদের মূল্যবান মতামত ও প্রস্তাবনা ব্যক্ত করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী এবং গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম। সভাটি সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান।