শিরোনাম

চাঁদপুর, ১৫ জুলাই, ২০২৬, (বাসস) : ধর্মে নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও মানবিকতাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
জেলা প্রশাসক বলেন, পৃথিবীর সব ধর্মই পারস্পরিকভাবে মানবকল্যাণের সঙ্গে আন্তঃসম্পর্কিত। কোনো ধর্মই মানুষকে মিথ্যা বলতে, চুরি করতে, অত্যাচার-নির্যাতন চালাতে বা অন্যের ক্ষতি করতে শেখায় না।
তিনি বলেন, নৈতিকতা, মানবিকতা, কাউকে আঘাত না করা, প্রতিবেশীর প্রতি সদাচরণ, বন্ধুর সঙ্গে ভালো আচরণ, গুরুজনকে সম্মান এবং শিশুদের প্রতি স্নেহÑএসব মূল্যবোধ সব ধর্মেই সমানভাবে গুরুত্ব পেয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসানের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেনÑ চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর কালেক্টরেট মসজিদের খতিব মাওলানা মোশাররফ হোসাইন, ইসলামিক ফাউন্ডেশনের চাঁদপুর জেলা শাখার শিক্ষক আবু বক্কর সিদ্দিক, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের (সাবেক) প্রধান শিক্ষক নগেন্দ্র নারায়ণ চক্রবর্তী, চাঁদপুর বাইতুল আমিন জামে মসজিদের খতিব সাইফুল আলম খন্দকার, রামকৃষ্ণ আশ্রমের সহযোগী অধ্যাপক স্বামী সুবলাল নন্দ এবং শিক্ষার্থীদের পক্ষে জিলানী চিশতী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তাবাসসুম নাবা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।