শিরোনাম

রাজশাহী, ১৫ জুলাই, ২০২৬ (বাসস) : জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
আজ বুধবার দুপুরে নগরীর একটি হোটেলে দ্য আর্থ সোসাইটি আয়োজিত গ্রিন ভয়েস প্রকল্পের আওতায় উচ্চ পর্যায়ের সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রাসিক প্রশাসক বলেন, বর্তমানে বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং প্রাকৃতিক সম্পদের অবক্ষয়। এই বৈশ্বিক সংকট মোকাবিলায় সরকার, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সুশীল সমাজ, যুব সমাজ এবং বেসরকারি খাতকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশন এক বছরে আড়াই লাখ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বর্তমানে এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে। এর পাশাপাশি পদ্মা নদীর তীরবর্তী এলাকাগুলোতে বনায়ন ও পাখির অভয়ারণ্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যা পরিবেশ সংরক্ষণের পাশাপাশি পর্যটন খাতের বিকাশ ও কর্মসংস্থান বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরো বলেন, রাজশাহীকে কেবল নামেই ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ নয়, বরং সত্যিকার অর্থে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সড়ক বিভাজকগুলোতে বৃক্ষরোপণ, সৌন্দর্যবর্ধন এবং সড়কবাতির উন্নয়নসহ নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
তবে, এসব উদ্যোগ সফল করতে জনসচেতনতা ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করলে রাজশাহী আরো বেশি পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে পরিণত হবে। পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ভবিষ্যতেও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
দেশের সামগ্রিক উন্নয়ন ও পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে আরও সক্রিয় ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি।
জলবায়ু নীতিতে নারী ও তরুণদের অংশগ্রহণ নিয়ে নীতিনির্ধারক ও যুব নেতাদের মধ্যকার এই বিভাগীয় সংলাপে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী ও তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সহযোগিতা জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে গ্রিন ভয়েস প্রকল্পের অর্জন, অভিজ্ঞতা এবং নীতিগত সুপারিশ তুলে ধরার পাশাপাশি জলবায়ু নীতিতে নারী ও তরুণদের অংশগ্রহণ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে দ্য আর্থ সোসাইটির নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।