বাসস
  ১৫ জুলাই ২০২৬, ২০:৩৬
আপডেট : ১৫ জুলাই ২০২৬, ২০:৫৬

শিল্পকলায় ৫৫ বরেণ্য এবং তরুণ শিল্পীর তুলিতে জুলাই গণ-অভ্যুত্থান আর্টক্যাম্প শুরু

ছবি: মন্ত্রণালয়

ঢাকা, ১৫ জুলাই, ২০২৬ (বাসস): বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ৫৫ বরেণ্য এবং তরুণ শিল্পীর তুলিতে জুলাই গণ-অভ্যুত্থান শীর্ষক  ৩ দিনব্যাপী আর্টক্যাম্প শুরু হয়েছে, যা চলবে ১৭ জুলাই পর্যন্ত।

আজ জাতীয় চিত্রশালা প্লাজায় আর্টক্যাম্পে একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় দেশবরেণ্য, প্রথিতযশা ও তরুণ শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, “বিগত সময়ে যে অনিয়ম-অবিচার হয়েছে তা যেন আর না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এরই প্রেক্ষাপটে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি, চেতনা ও মুক্তির আকাঙ্ক্ষাকে উপজীব্য করে ৩ দিনব্যাপী আর্টক্যাম্প আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, এই আর্টক্যাম্পে যে সকল শিল্পীরা অংশগ্রহণ করছেন তাদের তুলির ছোঁয়ায় ভেসে উঠবে সেই জুলাইয়ের স্মৃতিগুলো।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি  মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা), পলিসি ও স্ট্র্যাটেজি, ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, “আজ ১৫ জুলাই। ১৫ জুলাই থেকেই গণঅভ্যুত্থানের মূল মুভমেন্ট শুরু হয়েছিল। ১৪ তারিখ দিবাগত রাত ১২টার পরই আমাদের শিক্ষার্থীরা বিশেষ করে ছাত্রীরা বেরিয়ে এসেছিলেন। ১৫ তারিখ সেই আন্দোলন আরো তীব্র হতে থাকে, সেদিন অনেক ছাত্রী আহত হয়েছিল। সেই আন্দোলন থেকেই তৎকালীন সরকারের পতন হয়।’

তিনি বলেন, তৎকালীন সরকার বাংলাদেশে যা যা করেছে সেটা ঠিকঠাকভাবে মানুষের মধ্যে জাগিয়ে রাখার একটা অংশ হচ্ছে এই আর্টক্যাম্প। যেখানে শিল্পীরা ছবি আঁকবেন এই জুলাইকে কেন্দ্র করে।

ডা. জাহেদ উর রহমান বলেন, জুলাইয়ের নানা দিক আছে, ঘটনা আছে, স্পিরিট আছে- নানাভাবে আমরা  এটাকে তুলে ধরতে চাই। যত রকম আর্ট ফর্ম আছে সেগুলোর মাধ্যমে আমরা জুলাইকে ধারণ করতে চাই, জুলাইকে ছড়িয়ে দিতে চাই, জুলাইকে জাগিয়ে রাখতে চাই।”

তিনি আরো বলেন, “শিল্পকলা একাডমি এই ধরনের আয়োজনের মাধ্যমে, শিল্পের মাধ্যমে যে বার্তা দিতে চায় সেই বার্তাও যেন মানুষ বুঝতে পারে। মানুষ আসুক দেখুক, বিশেষ করে নবীন যারা আঁকতে চায় তারা যেন বড় বড় শিল্পীদের আঁকা দেখে যেতে পারে।”   

স্বাগত বক্তব্য করেন, শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করেই আমরা এগিয়ে যেতে চাই।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলার সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য শিল্পী মনিরুল ইসলাম এবং শিল্পী ও অধ্যাপক ড. আব্দুস সাত্তার।

১৫ থেকে ১৭ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিতব্য ৩ দিনব্যাপী আর্টক্যাম্পে দেশের ৫৫ জন দেশবরেণ্য, প্রথিতযশা ও তরুণ শিল্পী অংশগ্রহণ করবেন।