শিরোনাম

চট্টগ্রাম, ১৫ জুলাই, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানায় ১ হাজার বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধারের মামলায় গ্রেফতার দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেনÑ কুমিল্লা জেলার লাকসাম এলাকার মো. হারুন এবং নাঙ্গলকোট থানা এলাকার চালক মো. নাসির উদ্দিন।
আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর জানান, সাক্ষ্যপ্রমাণে ফেনসিডিল বিক্রির মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় দোষী সাব্যস্ত করে আদালত দুই আসামির প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তাদের সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ১৩ আগস্ট ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল আকবরশাহ থানার সিটি গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাহারা হোটেলের সামনে অভিযান চালায়। এ সময় চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে চালকের আসনের পেছনে বিশেষ কৌশলে রাখা ২৫টি প্লাস্টিকের বস্তা থেকে ১ হাজার বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়।
একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ এবং হারুন ও নাসির উদ্দিনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আকবরশাহ থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে বিচারিক কার্যক্রমে ২৩ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।