শিরোনাম

পিরোজপুর, ১৫ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার মঠবাড়িয়া উপজেলার একটি হত্যা মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। এ ছাড়াও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
আজ বুধবার দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এই রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা পলাতক রয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মঠবাড়িয়া উপজেলার ঘোপখালী গ্রামের মো. ইউনুস আকনের ছেলে মো. কামরুল আকন ও চরকখালী গ্রামের মো. টুকু মিয়া হাওলাদারের ছেলে মো. সোহাগ হাওলাদার। ওই হত্যার ঘটনায় অন্য আসামী মো. ইউসুফ আকনকে আদালত খালাস প্রদান করেন ।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৭ মে বিকেলে আসামী কামরুল, সোহাগ ও ইউসুফসহ আরো ২/৩ জন পূর্ব শত্রুতার জেরে মঠবাড়িয়া পৌর এলাকার মো. হালিম কাজীর ছেলে রাকিবুলকে বেতমোর বাজারে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে কামরুল আকন, সোহাগ হাওলাদার ও ইউসুফ আকনসহ আরো ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে ওই দিন মঠবাড়িয়া থানায় হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ তাদের বিরুদ্ধে চার্জশীট দিলে দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কামরুল আকন ও সোহাগ হাওলাদার দোষী সাব্যস্ত হলে আদালত আজ এই রায় দেন।
মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন পিপি আবুল কালাম আকন ও আসামী পক্ষে ছিলেন অ্যাড. আহসানুল কবির বাদল।