বাসস
  ১৫ জুলাই ২০২৬, ১৯:৪৩

জাজিরায় চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

ছবি : বাসস

শরীয়তপুর, ১৫ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার জাজিরা উপজেলার কাজিরহাটে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 

আজ বুধবার দুপুর ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে কাজির হাট বন্দরের বাদশা মিয়া নামে এক ব্যক্তির তিনটি গোডাউনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা মৎস্য বিভাগের সহায়তায় অভিযান চালিয়ে ৭শ অবৈধ চায়না দুয়ারি ও ৪০ কেজি কারেন্ট জাল উদ্ধার করেন। পরে কাজির বন্দরের ছাগল হাটে প্রকাশ্যে তা আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। 

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাসহ মৎস্য বিভাগের কর্মকর্তা কর্মচারী ও জাজিরা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাসস’কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি । বাদশা মিয়া নামে এক ব্যক্তির গোডাউন থেকে আমরা অবৈধ জালগুলো উদ্ধার করে পুড়িয়ে দিয়েছি। ঘটনার সময় বাদশামিয়াকে পাওয়া যায়নি বলে শাস্তি প্রদান করা সম্ভব হয়নি ।

উপজেলা মৎস্য কর্মকর্তা বাসস’কে বলেন, অবৈধ চায়না দুয়ারি জাল ও কারেন্ট জালের মাধ্যমে শুধু মৎস্য সম্পদ নয় সকল জল প্রাণি ধ্বংস করে দেয়া হচ্ছে। এ সম্পর্কে আমরা গতকালও মাইকিং করে সবাইকে সতর্ক করেছি। 

আজ কাজিরহাট বন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল উদ্ধার করে তা পুড়িয়ে ধ্বংস করে দিয়েছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।