বাসস
  ১৫ জুলাই ২০২৬, ১৮:২৬

নেত্রকোণায় মাদকসহ নারী আটক

নেত্রকোণা, ১৫ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় বিশেষ অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মরিয়ম বেগম (৩৬) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

আজ বুধবার সকালে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হেনারগাতী এলাকা থেকে তাকে আটক করা হয়।

বুধবার দুপুরে বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক।

আটক মরিয়ম বেগম কেন্দুয়া উপজেলার রয়্যালবাড়ী ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক বাসস’কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে আঠারোবাড়ী-কেন্দুয়াগামী রাস্তায় চেকপোস্ট বসানো হয়। এ সময় ‘আশেকানে হাওলাপুরী’ নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মরিয়ম বেগমের কাছে থাকা ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ২৮ লাখ টাকা। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর মাদকবিরোধী কঠোর নির্দেশনার আলোকে এই অভিযান পরিচালিত হয়েছে। বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে কেন্দুয়া থানায় সংশ্লিষ্ট আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন বলেও জানিয়েছেন সহকারী পরিচালক মো. নাজমুল হক।