শিরোনাম

কক্সবাজার, ১৫ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার পেকুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ (২৫) নামে এক ফার্মেসি ব্যবসায়ী নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার এবিসি আঞ্চলিক মহাসড়কের সিকদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মানিক পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের সোনাইছড়ি নতুনপাড়া এলাকার মোক্তার আহমদের ছেলে।
তিনি পেকুয়া জেনারেল হাসপাতাল সংলগ্ন এলাকায় একটি ফার্মেসির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতের ছোট ভাই ওয়াহিদ জানান, সাম্প্রতিক বন্যায় আটকে পড়া এক বন্ধুর খোঁজখবর নিতে মঙ্গলবার রাতে পেকুয়া বাজার থেকে মোটরসাইকেলযোগে নন্দীরপাড়ার উদ্দেশ্যে রওনা দেন মানিক। পথে সিকদারপাড়া এলাকায় পৌঁছালে বৃষ্টিতে পিচ্ছিল সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যান।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। তবে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বাসস’কে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর বিষয়টি শুনেছি। বিস্তারিত খোঁজখবর নিয়ে পরবর্তী করণীয় ঠিক করা হবে।