শিরোনাম

পঞ্চগড়, ১৫ জুলাই, ২০২৬, (বাসস): জেলার দেবীগঞ্জ উপজেলায় মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে কৃষিকাজ করতে গিয়ে পৃথক স্থানে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুরের মধ্যে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন দেবীগঞ্জ সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোনাহার মালচন্ডি পশ্চিম তেলিপাড়া এলাকার মো. মামুন ইসলাম (৩০)। তিনি ওই এলাকার খাদিমুল ইসলামের ছেলে। অপরজন, দণ্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকার কৃষক আকাব্বর খান (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা আনুমানিক ১১টা ৪০ মিনিটে নিজের জমিতে পাট কাটার সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন মামুন ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আতিকুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
একই দিন দণ্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে আকাব্বর খান ঘটনাস্থলেই মারা যান। বৃষ্টির মধ্যে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বিষয়টি নিশ্চিত করে বাসসকে বলেন, এ ঘটনায় পৃথক ইউডি (অপমৃত্যু) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম ও সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।