বাসস
  ১৫ জুলাই ২০২৬, ১৬:৩৮

চাঁপাইনবাবগঞ্জে নেশাজাতীয় সিরাপ জব্দ

ছবি : কোলাজ বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ১৫ জুলাই, ২০২৬ (বাসস) : সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) পৃথক ২টি অভিযানে ১৯৩ বোতল ইস্কাপ সিরাপ জব্দ করেছে।

বিজিবি সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে অভিযান ২টি পরিচালিত হয়। প্রথম অভিযানে ৫৯ ব্যাটালিয়নের অধীনস্থ চাঁনশিকারী বিওপির ১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৯/৫-এস হতে আনুমানিক ৮শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ভোলাহাট ইউনিয়নের হাউজফুল গ্রামের কেন্দ্রীয় মসজিদের সামনে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১৩৫ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করে। এছাড়াও অপর অভিযানে সোনামসজিদ বিওপি’র আরেকটি টহল দল সীমান্ত পিলার ১৮৪/২-এস হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী গ্রামের মাঠে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৫৮ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ আটক করে।

আজ সকালে বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তিনি জানান, জব্দ সিরাপগুলো সংশ্লিষ্ট থানায় জমা দেয়া হয়েছে। তিনি আরও জানান, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।