শিরোনাম

ঝালকাঠি, ১৫ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় প্রাথমিক শিক্ষা পদক প্রদান উপলক্ষে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত বুধবার সকাল ১০টায় বৈদারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার বায়জিদ ইবনে আকবর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ ও প্রেসক্লাব সভাপতি মো. আককাস সিকদার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ আর এম মিজানুর রহমান, ঝালকাঠি পিটিআই এর সুপারিনটেনডেন্ট দীনা ইয়াসমিন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম তালুকদার, প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, বৈদারাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখরুল ইসলাম ও বৈদারাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক মো.ওবায়দুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ঢাকার চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ বিতরণ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে ঝালকাঠিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।
এরই ধারাবাহিকতায় বৈদারাপুর প্রাথমিক বিদ্যালয় চত্বরে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার নিম, আম, আমলকি ও মেহগনি গাছের চারা রোপণ করেন।