শিরোনাম

সাতক্ষীরা, ১৪ জুলাই, ২০২৬ (বাসস): বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালান বিরোধী অভিযানে সাতক্ষীরা সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ (পার্টস) জব্দ করা হয়েছে।
সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, কালিয়ানী ও কাঁকডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে আজ মঙ্গলবার এসব মালামাল জব্দ করা হয়।
জব্দকৃত ভারতীয় মালামালের সর্বমোট মূল্য ৩৪ লাখ ৫৬ হাজার ৩০০ টাকা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার ফলমোড় নামক স্থান থেকে এবং কালিয়ানী বিওপির আভিযানিক দল একই উপজেলার বড় পুকুর নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
এছাড়াও কাঁকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী ও রাজ্জাকের মোড় নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। জনস্বার্থে ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।