বাসস
  ১৪ জুলাই ২০২৬, ২১:৫২

নরসিংদীতে অতিবৃষ্টির ক্ষয়ক্ষতি পরিদর্শনে প্রশাসনের সমন্বিত উদ্যোগ

ছবি : বাসস

নরসিংদী, ১৪ জুলাই, ২০২৬ (বাসস): টানা অতিবৃষ্টিতে জেলার মনোহরদী উপজেলার বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা, সড়ক ও কালভার্টের ক্ষয়ক্ষতি এবং নদীভাঙন পরিদর্শন করে দ্রুত সমাধানে সমন্বিত উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সেখানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দ্রুত পরিদর্শন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান, নরসিংদী পানি উন্নয়ন বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. হুমায়ূন কবির, উপজেলা প্রকৌশলী হরষিত কুমার সাহা, পানি উন্নয়ন বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রাসেল মিয়া, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে চালাকচর-বড়চাপা সড়কের একাধিক স্থানে ভাঙন, বড়চাপা ইউনিয়নের পাইকান গ্রামে নদীভাঙনে বসতবাড়ি হুমকির মুখে পড়া, কায়তেরগাঁও গ্রামের ক্ষতিগ্রস্ত সড়ক, কায়তেরগাঁও-জামালপুর সড়কের ভেঙে যাওয়া কালভার্ট এবং মনোহরদী গার্লস স্কুল মোড় থেকে ড্রেনেরঘাট পর্যন্ত সড়কের বিভিন্ন অংশের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করা হয়।

এছাড়া পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও যোগাযোগ ব্যবস্থার বিঘ্নও পর্যালোচনা করা হয়।

পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা জানান, উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রকৌশল অধিদপ্তর এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে অগ্রাধিকার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কার এবং স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও খিদিরপুর ইউনিয়নের প্রশাসক মো. সজিব মিয়া খিদিরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও সড়ক ক্ষয়ক্ষতি পরিদর্শন করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে কাজ করছেন।উপজেলা প্রশাসন জানায়, অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।