শিরোনাম

পটুয়াখালী, ১৪ জুলাই, ২০২৬ (বাসস) : মালিকানাবিহীন কুকুর-বিড়াল এবং বন্যপ্রাণী উদ্ধার, সংরক্ষণ ও বন্যপ্রাণী অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় জেলার কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেককে ‘প্রাণ সংহতি’ সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে কলাপাড়া উপজেলা ভূমি অফিস কার্যালয়ে ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’র কলাপাড়া শাখার পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়। এ সময় সম্মাননার স্মারক হিসেবে তার হাতে একটি ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী, সদস্য আল মনজির, মাসুদ হাসান, কাউছারসহ সংগঠনের অন্য সদস্যরা।
অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী বলেন, ইয়াসীন সাদেক কলাপাড়ায় যোগদানের পর থেকেই বন্যপ্রাণী সংরক্ষণে আন্তরিক ভূমিকা পালন করে আসছেন। বিপদগ্রস্ত বন্যপ্রাণী উদ্ধারে তিনি সবসময় সংগঠনকে সহযোগিতা করেছেন। তার এই অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
সম্মাননা গ্রহণ করে কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ছোটবেলা থেকেই পশু-পাখি ও গাছপালার প্রতি আমার বিশেষ অনুরাগ রয়েছে। তবে এ সম্মান তিনি অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যদের উৎসর্গ করছেন। কারণ তাদের উৎসাহ ও সহযোগিতাই তাকে এ কাজে অনুপ্রাণিত করেছে।
তিনি আরও জানান, বন্যপ্রাণী সংরক্ষণে মানুষের সচেতনতা বাড়ানো জরুরি। এ লক্ষ্যে তিনি বিভিন্ন সময়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন।
ইতোমধ্যে কলাপাড়ায় ১৬টি মহিষের লড়াই বন্ধ করা হয়েছে এবং বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার করে তাদের প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হয়েছে।
এ ছাড়া জেলা প্রশাসকের নির্দেশনায় নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় একটি অ্যানিমেল শেড নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে কুয়াকাটায় একটি অ্যানিমেল মিউজিয়াম প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রাণিকল্যাণে প্রশাসনের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।