বাসস
  ১৪ জুলাই ২০২৬, ২০:৩৫

ডেঙ্গু মোকাবিলায় নজরদারি জোরদারে তাগিদ চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের

ছবি: বাসস

চট্টগ্রাম, ১৪ জুলাই, ২০২৬ (বাসস) : ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নজরদারি জোরদারে তাগিদ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি। তিনি জানান, ডেঙ্গু বর্তমানে জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। চট্টগ্রামের মানুষকে নিরাপদ ও ডেঙ্গুমুক্ত রাখতে স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে। 

তবে এর জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলে মনে করেন তিনি।  

আজ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্সের (এমএসএফ) সহযোগিতায় ‘ডেঙ্গু নজরদারি ব্যবস্থা জোরদার’ বিষয়ক সমন্বয় সভায় সভাপতির বক্তব্য বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি এই তাগিদ দেন।  

তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকার এবং বেসরকারি সংস্থা এমএসএফ একসঙ্গে কাজ করছে। ভেক্টরবাহিত রোগ প্রতিরোধে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, স্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এবং এমএসএফের মধ্যে ইতোমধ্যে চুক্তি সই হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় প্রতি চারটি বাড়ির মধ্যে একটিতে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। গত জুনে চট্টগ্রাম বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪০৫ জন। চলতি জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এ সংখ্যা বেড়ে ৪৮৫ জনে দাঁড়িয়েছে। বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সভায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি এমএসএফসহ অন্যান্য বেসরকারি সংস্থার সম্মিলিত কার্যক্রম প্রয়োজন।

এমএসএফের মেডিক্যাল টিম লিডার ডা. ফ্রান্সিসকো রাউল ডি. সালভাদর ও মেডিক্যাল যোগাযোগ কর্মকর্তা ডা. ফাতেমা ফেরদৌসীর সঞ্চালনায় সভায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন, বিআইটিআইডির পরিচালক ডা. ইফতেখার আহমদ, বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের উপ-পরিচালক ডা. কমরুল আযাদ, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. একরাম হোসেন-সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা, চিকিৎসক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।