শিরোনাম

সাতক্ষীরা, ১৪ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার তালা উপজেলায় পানিতে ডুবে রুমানা খাতুন নামের পাঁচ বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার ঢ্যামসাখোলা গ্রামে এ ঘটনা ঘটে। রুমানা খাতুন ওই গ্রামের শাহিনুর রহমান মোড়লের মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে রুমানা তার মা রেশমা বেগমের সঙ্গে ছাগল নিয়ে মাঠে যায়। মা বাড়ির পাশের একটি কালভার্টের ওপর রুমানাকে বসিয়ে রেখে একটু দূরে ছাগল বাঁধতে যান।
কিছুক্ষণ পর ফিরে এসে তিনি তার মেয়েকে সেখানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে কালভার্টের নিচে পানির ওপর রুমানার নিথর দেহ ভাসতে দেখে দ্রুত তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে রুমানা প্রাণ হারায়।
এদিকে, মায়ের চোখের আড়ালে রুমানার এমন মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।