বাসস
  ১৪ জুলাই ২০২৬, ১৯:৫৬

রংপুরে বিপুল পরিমাণ চোরাই তামার তার উদ্ধার, আটক ১

ছবি: বাসস

রংপুর, ১৪ জুলাই ২০২৬ ( বাসস) : বিদ্যুৎ বিভাগের চুরি যাওয়া তারসহ বিপুল পরিমাণ চোরাই তামার তার উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। গতকাল সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে মেট্রোপলিটন পুলিশের ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। 

উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী এ সংবাদ সম্মেলনে জানান, রংপুর নগরীতে বেশ কিছুদিন ধরে বিদ্যুৎ বিভাগের তার, সরকারি হাসপাতাল, মসজিদ, বাসাবাড়ির এসির তারসহ বিদ্যুতের তার চুরি হচ্ছিলো। এ নিয়ে গোয়েন্দা বিভাগ তৎপরতা শুরু করে। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় নগরীর সাতমাথা এলাকায় অভিযান চালিয়ে নগরীর পাটবাড়ি এলাকার হেলাল মিয়ার পুত্র উকিল মিয়াকে আটক করা হয়।

এ সময় ট্রাকে ভাংরী মালের ভেতরে লুকিয়ে রাখা ১৬ মণ তামার তার উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতিসহ তামার তার চুরি চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সনাতন চক্রবর্তী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উকিল মিয়া তামার তার ও পাইপগুলো ভাংরী ব্যবসায়ীদের কাছ থেকে কিনে সাতমাথায় তার নিজের আস্তানায় রাখতেন। পরে তিনি ঢাকার বাবু বাজারে মালগুলো পাঠিয়ে দিতেন। গতকাল ট্রাকে করে মালামাল পাঠানোর সময় তাকে গ্রেফতার করা হয়।  

তিনি বলেন, আমরা ট্রাকসহ চোরাই তামার তার উদ্ধার করেছি। তামার তার চুরি চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।