শিরোনাম

পঞ্চগড়, ১৪ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার আটোয়ারী উপজেলায় ঠাকুরগাঁও ৫০ বিজিবির অভিযানে সাত কেজি ওজনের কষ্টি পাথর, দুইটি মোটরসাইকেল ও বিভিন্ন মালামালসহ দুইজনকে আটক করা হয়েছে। পরে জব্দকৃত মালামালসহ তাদের আটোয়ারী থানায় হস্তান্তর করে বিজিবি।
আজ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও ৫০ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবির পক্ষ থেকে আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতরা হলেন, জেলার আটোয়ারী উপজেলার রাধানগড় ইউনিয়নের ছবিরুল ইসলামের ছেলে দুলাল হোসেন (৩৬) এবং ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার চাপাতি এলাকার সুরল ইসলামের ছেলে কলিম উদ্দিন (৪০)।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খন্দকার আখলাকুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল এবং বর্ষালুপাড়া বিওপির নিয়মিত টহলদল গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বর্ষালু পাড়া সীমান্তে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে আটোয়ারী উপজেলার রাধাকৃষ্ণ বাজার এলাকায় দুলাল হোসেন ও কলিম উদ্দিনকে সাত কেজি ওজনের একটি কষ্টি পাথরসহ আটক করা হয়। যার সিজার মূল্য সাত লাখ টাকা বলে জানানো হয়েছে।
এছাড়া, আটককৃতদের কাছ থেকে দুইটি সিমসহ বাটন মোবাইল ফোন, দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খন্দকার আখলাকুর রহমান বলেন, বিজিবি মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক ‘জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বাসস’কে বলেন, বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতে তোলার প্রস্তুতি চলছে।