বাসস
  ১৪ জুলাই ২০২৬, ১৯:০৮

শ্রদ্ধা ও স্মরণে শাহজাহান সিরাজ, টাঙ্গাইলে স্মরণসভা ও দোয়া মাহফিল

স্বাধীনতার ইশতেহার পাঠক, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ছবি: বাসস

টাঙ্গাইল, ১৪ জুলাই ২০২৬ (বাসস): স্বাধীনতার ইশতেহার পাঠক, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে|

আজ মঙ্গলবার দুপুরে জেলার কালিহাতী উপজেলায় কালিহাতী শাহজাহান সিরাজ কলেজের রাবেয়া সিরাজ একাডেমিক ভবনের হলরুমে এ স্মরণ সভার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ|

স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য মো. লুৎফর রহমান মতিন|

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঐতিহাসিক ছাত্রনেতা শাহজাহান সিরাজ ৬৬-এর ছয় দফা ও ৬৯-এর গণঅভ্যুত্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন| এছাড়া ১৯৭১ সালের ৩ মার্চ পল্টন ময়দানে ছাত্র-জনতার উত্তাল সমাবেশে তিনি মহান স্বাধীনতার ইশতেহার পাঠ করেন| 

এসময় তিনি মরহুম শাহজাহান সিরাজের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে অবদান ও দেশের প্রতি অবিস্মরণীয় ভূমিকার কথা স্মরণ করেন|

শাহজাহান সিরাজ কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এবং তার মেয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লার সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন, কলেজের পরিচালনা পরিষদের দাতা সদস্য রাবেয়া সিরাজ, উপজেলার বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ প্রমুখ|

স্মরণসভা শেষে মরহুম শাহজাহান সিরাজের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়| এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন|

উল্লেখ্য, ঐতিহাসিক ছাত্রনেতা শাহজাহান সিরাজ ১৯৭১ সালের ৩ মার্চ পল্টন ময়দানে ছাত্র-জনতার উত্তাল সমাবেশে মহান স্বাধীনতার ইশতেহার পাঠ করেন| 

তিনি স্বাধীনতার পর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠনের অন্যতম উদ্যোক্তা ছিলেন এবং পরবর্তীতে বিএনপির জাতীয় রাজনীতিতে যুক্ত হন| 

তিনি টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে মোট পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন| বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অত্যন্ত সততা ও দক্ষতার সঙ্গে সরকারের নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বন ও পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পালন করেন|