বাসস
  ১৪ জুলাই ২০২৬, ১৮:৩৮

‘সাইবার সুরক্ষা আইন’ সংশোধনী কমিটিতে তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ফাইল ছবি

ঢাকা, ১৪ জুলাই, ২০২৬ (বাসস) : ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া বিশদ পর্যালোচনা ও চূড়ান্তকরণের লক্ষ্যে গঠিত উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে অন্তর্ভুক্ত করেছে সরকার।

গত বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে জারিকৃত এক সরকারি প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে এবং মন্ত্রিপরিষদ বিভাগের গত ২৯ জুন ২০২৬ তারিখের স্মারকের ধারাবাহিকতায় এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন এই অন্তর্ভুক্তির মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী খসড়া আইনটির চূড়ান্ত পরিমার্জন ও সুপারিশ প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পেলেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্লান করবেন। ছয় সদস্যের এই মন্ত্রিসভা কমিটিতে সদস্য হিসেবে- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী দায়িত্ব পালন করবেন।

কমিটির কার্যপদ্ধতি সম্পর্কে জানানো হয়েছে, দায়িত্ব পালনের সুবিধার্থে কমিটি প্রয়োজনানুসারে যেকোনো উপযুক্ত সদস্যকে কো-অপ্ট করতে পারবে। কমিটির সভা সময় ও প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এই আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।