বাসস
  ১৪ জুলাই ২০২৬, ২০:৩৪

গোপালগঞ্জে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

গোপালগঞ্জ, ১৪ জুলাই, ২০২৬ (বাসস): জেলায় মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে বটি দিয়ে গলা কেটে হত্যার দায়ে ছেলে আলীম কাজীকে (২৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

কারাদণ্ডপ্রাপ্ত আলীম কাজী গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের চর মানিকদাহ গ্রামের কাজীর বাজার এলাকার মৃত ইসমাইল কাজীর ছেলে।

কারাদণ্ডের বিষয়টি বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম. এম. জুলকদার বাসসকে নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, কারাদণ্ডপ্রাপ্ত আলীম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ২০২৩ সালের ১২ মে সন্ধ্যায় তিনি মাদক সেবন করে বাড়িতে এসে বিশৃঙ্খলা ও ভাঙচুর শুরু করেন। এ সময় তার বাবা ইসমাইল বাধা দিলে ক্ষিপ্ত হয়ে আলীম তার বাবাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে বাড়ি থেকে চলে যান।

পরদিন ১৩ মে সকালে ইসমাইল কাজী বাড়ির পাশে আখের রস বিক্রির উদ্দেশে আখ পরিষ্কার করছিলেন। এ সময় আলীম একটি বটি দিয়ে আকস্মিকভাবে তার বাবার গলায় কোপ দেন। এতে ইসমাইল কাজী রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ হত্যাকাণ্ডের পর নিহতের বড় ছেলে সেলিম কাজী বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে পুলিশের পক্ষ থেকে আদালতে চার্জশিট দাখিল করা হয়। সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক আসামি আলীম কাজীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।