শিরোনাম

দিনাজপুর, ১৪ জুলাই ২০২৬ (বাসস) : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুর সীমান্তে অভিযান চালিয়ে ৩ হাজার ৩০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট এবং ৬৬১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে।
আজ দুপুর আড়াইটায় দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ জামান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার ফুলবাড়ী ব্যাটালিয়ন-২৯ বিজিবির অধীন সদর উপজেলার দাইনুর, সুন্দরা বিওপি এবং জেলার বিরামপুর উপজেলার কাটলা বিশেষ ক্যাম্প ও তপসী বিজিবি পোস্টের পৃথক ৪টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সদস্যদের অভিযানে সীমান্ত এলাকায় বাংলাদেশের মধ্যে ভারত থেকে আগত মাদক কারবারিদের ধাওয়া করলে, তারা বেশ কয়েকটি পোটলা ফেলে ভারত সীমানায় পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৩ হাজার ৩০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৬৬১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়।
অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ জামান বলেন, উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা। চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।