শিরোনাম

রাঙামাটি, ১৪ জুলাই ২০২৬ (বাসস): রাঙামাটি ২৯৯ নং সংসদীয় আসনের এমপি দীপেন দেওয়ান জেলার বিলাইছড়ি উপজেলায় প্রবল ভারী বর্ষণে প্লাবিত দুর্গম ফারুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। আজ সকাল থেকে তিনি বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
পরিদর্শনকালে তিনি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও জনসাধারণের সাথে কথা বলেন।
দীপেন দেওয়ান বলেন, পাহাড় ধস এবং বন্যা কবলিত এলাকার অসহায় মানুষের যতদিন সহযোগিতা লাগে, সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।
পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের চেষ্টা করা হবে। এই বিষয়ে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীসহ আমাদের সরকার অত্যন্ত আন্তরিক।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সাংগঠনিক সম্পাদক শহীদ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান, জেলা পরিষদ সদস্য ড্যানিয়েল পাংখোয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দীপেন দেওয়ান এমপি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে উপজেলা পরিষদের সংসদ সদস্যের কার্যালয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।