শিরোনাম

চুয়াডাঙ্গা, ১৪ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় নানা আয়োজনে আনসার ব্যাটালিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার চুয়াডাঙ্গা শহরতলীর ডিঙ্গেদহ আনসার ব্যাটেলিয়ান (৯ বিএন) সদর দপ্তরে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, কেক কাঁটা, আনন্দ র্যালি, বেলুন উড়ানো ও সাংস্কৃতিক সন্ধ্যা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ (বিভিএম, পিভিএমএস)।
প্রধান অতিথি বলেন, আমাদের ওপর অর্পিত দায়িত্ব যে স্থানেই হোক না কেন, দেশের স্বার্থে পালন করতে হবে। ক্ষুধা মুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি উন্নত বাংলাদেশ গড়বো, এটাই আমাদের প্রত্যয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিঙ্গেদহ আনসার ব্যাটালিয়ন পরিচালক সাজ্জাদ মাহমুদ, উপ-পরিচালক খাদেমুল ইসলাম, কোম্পানি কমান্ডার আবুল কালাম আজাদ, মেহেরপুর জেলা কমান্ডেন্ট আলামিনসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।