বাসস
  ১৩ জুলাই ২০২৬, ২৩:৪০

গাজীপুরে অবৈধ ফিশ ও পোল্ট্রি ফিড উৎপাদন: দুই প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

ঢাকা, ১৩ জুলাই, ২০২৬ (বাসস) : লাইসেন্স (সিএম লাইসেন্স) ও পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই ফিশ ও পোল্ট্রি ফিড উৎপাদন, বাজারজাত ও বিক্রির দায়ে গাজীপুরের কালিয়াকৈরে দুটি প্রতিষ্ঠানকে মোট ৮ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর ভ্রাম্যমাণ আদালত। বিএসটিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আজ সোমবার পরিচালিত অভিযানে কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় ‘জাপফা কমফিড বাংলাদেশ পিইটি লিমিটেড’-এ তল্লাশি চালিয়ে বিএসটিআইয়ের লাইসেন্স ও পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া পোল্ট্রি ফিড বিক্রি ও বিতরণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

একই দিন, উপজেলার ভান্নারা এলাকায় ‘কৃষিপণ্য ফিডস লিমিটেড’-এ অভিযান চালিয়ে বিএসটিআইয়ের লাইসেন্স ও পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া পোল্ট্রি ও ফিশ ফিড উৎপাদন, বাজারজাত এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বস্তায় পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। একই আইনে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে উভয় প্রতিষ্ঠানকে দ্রুত বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ও পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের জন্য আবেদন করার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে গাজীপুর জেলা পুলিশের সহায়তায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মো. খালেদ হোসেন, প্রকৌশলী অর্ণব চক্রবর্তী এবং পরিদর্শক প্রকৌশলী মহিউদ্দীন ওয়ারেছী।

বিএসটিআই জানিয়েছে, নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।