শিরোনাম

ঢাকা, ১৩ জুলাই, ২০২৬ (বাসস): আগামী ২৭ জুলাই রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
গতকাল রোববার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত উপ-কমিটির এক সভার কার্যবিবরণীতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
কার্যবিবরণী অনুযায়ী, জাতীয় পর্যায়ের এই অনুষ্ঠানটি যথাযথ মর্যাদা, উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে সমাপনী অনুষ্ঠানের ঘোষক-ঘোষিকা নির্বাচন, সাংকেতিক ভাষা উপস্থাপন, পবিত্র গ্রন্থসমূহ থেকে পাঠ এবং উপস্থাপনার সার্বিক চেকলিস্ট প্রস্তুতকরণ সংক্রান্ত উপ-কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
উপ-কমিটির সভাপতি ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য মার্জিত কণ্ঠস্বর এবং উপস্থিত বুদ্ধিসম্পন্ন দক্ষ উপস্থাপক (নারী ও পুরুষ) এবং বিশেষভাবে সক্ষমদের জন্য ইশারা বা সাংকেতিক ভাষায় উপস্থাপনে পারদর্শী দক্ষ উপস্থাপনাকারীদের নামের তালিকা চূড়ান্ত করতে বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) পত্র পাঠানো হবে। একই সঙ্গে যেকোনো জরুরি পরিস্থিতি বা বিকল্প প্রয়োজনে ব্যবহারের জন্য দক্ষ ব্যাক-আপ উপস্থাপকও প্রস্তুত রাখা হবে।
ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ জুলাই সকাল ১০টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে চূড়ান্ত অনুষ্ঠানস্থলে নির্বাচিত সকল উপস্থাপকদের নিয়ে একটি চূড়ান্ত মহড়া (রিহার্সাল) সম্পন্ন করা হবে।
উপকমিটির সদস্য-সচিব ইফফাত আরা জামান ঊর্মির সঞ্চালনায় সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।