বাসস
  ১৩ জুলাই ২০২৬, ১৬:২৬

কটিয়াদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

কিশোরগঞ্জ, ১৩ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার কটিয়াদী উপজেলায় মাছ শিকারে গিয়ে ট্রেনে কাটা পড়ে মাসুদ (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গচিহাটা এলাকার চাঁন মিয়ার ছেলে।

সোমবার সকালে গচিহাটা রেল স্টেশন সংলগ্ন রেললাইনের পাশে তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

স্থানীয়দের ধারণা, রোববার রাতের কোনো এক সময় সহশ্রম-ধুলদিয়া ইউনিয়নের গচিহাটা রেলস্টেশন থেকে কিছুটা দূরে এ দুর্ঘটনা ঘটে।

সহশ্রম-ধুলদিয়া ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা আজিজুল হক স্থানীয়দের বরাত দিয়ে জানান, মাসুদ নিয়মিত মাছ শিকার করতেন। একদিন আগে তার একটি মাছ ধরার জাল চুরি হয়ে যাওয়ায় তিনি নতুন জাল কিনে মাছ ধরতে যান। ধারণা করা হচ্ছে, রাতভর জাল পাহারা দিতে গিয়ে তিনি অসাবধানতাবশত রেললাইনের ওপর বা পাশে ঘুমিয়ে পড়েন। এ সময় একটি ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। তিনি অত্যন্ত দরিদ্র পরিবারের সদস্য ছিলেন। 

গচিহাটা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আরিফ হক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেনে কাটা পড়ে মাসুদ (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত রেললাইনের ওপর বা পাশে ঘুমিয়ে পড়ায় তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। তবে প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।