শিরোনাম

কক্সবাজার, ১২ জুলাই, ২০২৬ (বাসস) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, টানা বর্ষণ আর উজানী ঢলে সৃষ্ট বন্যায় পানিবন্দি মানুষের জন্য খাদ্য ও চিকিৎসাসহ সব ধরনের সহায়তার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সরকার।
আজ রোববার কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া এলাকার আশ্রয়কেন্দ্রে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, পানিবন্দি মানুষের দুর্ভোগ কমা পর্যন্ত যত প্রকার সাহায্য দরকার সেটা সরকার দেবে। এর জন্য যত বরাদ্দ দরকার সরকার তার জন্যও ব্যবস্থা নেবে। সরকারি সহায়তা থেকে দুর্গত কোনো মানুষ বাদ পড়বে।
এছাড়া, বন্যা পরবর্তী পুনর্বাসন ও সংস্কারকাজসহ ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য সরকারের পরিকল্পনা রয়েছে এবং সেই অনুযায়ী উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।
বিকেলে চকরিয়ায় পৌঁছে বিভিন্ন দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। এসময় তিনি দুর্গত মানুষের দুর্ভোগের চিত্র স্বচক্ষে দেখেন ও খোঁজখবর নেন। পরে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া আশ্রয়কেন্দ্রে অবস্থানরত দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।
জেলা প্রশাসক মো. আ. মান্নান ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।