শিরোনাম

চট্টগ্রাম (দক্ষিণ), ১২ জুলাই, ২০২৬ (বাসস): জেলার বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রহিমা বেগমের একমাত্র ছেলে মো. সাইফুদ্দিন রিকশা চালাতে পারলেই জুটে খাবার।
গত কয়েকদিন তিনি গাড়ি নিয়ে বের হতে পারেননি। জ্বর সর্দিতে ভুগছেন তিনি। মা-ছেলের সংসারে সেই একমাত্র উপার্জনকারী। হাতেপাতে যা ছিল তা ওষুধপত্রে শেষ হয়ে গেছে।
আজ রোববার এমন পরিস্থিতিতে সেই রহিমার হাতে ত্রাণ পৌঁছে দেন পৌর প্রশাসক কানিজ ফাতেমা। এদিন রহিমার মতো ২০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।
রহিমা বেগম বলেন, অঝোরে ঝরছে বৃষ্টি। উঠোনের পানি নামার নাম নাই, রাস্তা-ঘাটে চলা দায়। সাপ জোঁকের ভয় তো আছে। রান্নার জন্য ঘরে কিছুই ছিল না।
তিনি জানান, পৌর প্রশাসক বৃষ্টির মধ্যে ঘরে দুয়ারে এসে খোঁজ খবর নিয়েছেন। চাল, ডাল, তেলসহ মুড়ি, বিস্কুট ও চিড়া দিয়ে গেছেন। এসব পাওয়ায় অন্তত কয়েকদিন চলবে।
গত বুধবার থেকে ঝড় বাদল উপেক্ষা করে অসহায় পরিবারের কাছে চাল, ডাল, তেলসহ শুকনো খাবার পৌঁছে দিচ্ছেন পৌর প্রশাসক।
রোববার পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের পানিবন্দী প্রায় ২০০ পরিবারের কাছে ত্রাণ সামগ্রী বিতরণ করেন পৌর প্রশাসক কানিজ ফাতেমা।
তিনি বলেন, ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে পৌর এলাকায় সেসব পরিবার পানিবন্দী হয়ে আছেন তাদের মাঝে দ্রুততম সময়ে খাদ্য সামগ্রী পৌঁছানো হচ্ছে। এছাড়া না খেয়ে আছে এমন পরিবারের তথ্য পেলেও খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি।