শিরোনাম

চট্টগ্রাম, ১২ জুলাই, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম নগরের ইপিজেড থানার আকমল আলী ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আজ বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা ৪০০ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড। এসব মদের বাজারমূল্য ১ কোটি ৩৬ লাখ টাকা।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কোস্টগার্ড দেশের সমুদ্রবন্দরগুলোর নিরাপত্তাসহ উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান, মানব ও মাদকপাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার সকালে কোস্ট গার্ড বেইস, চট্টগ্রাম ইপিজেড থানার আকমল আলী ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কারবারিদের একটি গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকা মূল্যের ৪০০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
মাদক কারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। জব্দ করা মদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।