বাসস
  ১২ জুলাই ২০২৬, ২১:২০

জাতীয় কবির অসাম্প্রদায়িক ও মানবিক চেতনায় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর

ঢাকা, ১২ জুলাই, ২০২৬ (বাসস): নজরুল বর্ষের কর্মসূচিকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিয়ে তরুণ প্রজন্মকে কবির অসাম্প্রদায়িক ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘শিল্পী সম্মেলন’ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী ঘোষণা করেন, দেশের অসচ্ছল ও অসুস্থ শিল্পীদের কল্যাণ ও চিকিৎসার্থে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে এবং সরকার সর্বদা তাদের পাশে থাকবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

সভায় বক্তারা জাতীয় কবির সৃষ্টি ও জীবন-দর্শনকে বৈশ্বিক পরিমণ্ডলে তুলে ধরার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

নজরুল বর্ষের গৃহীত পরিকল্পনাসমূহকে আরো গতিশীল ও জনমুখী করার প্রত্যয়ে দেশের বিভিন্ন শিল্পমাধ্যমের গুণী শিল্পীবৃন্দ, নজরুল গবেষক, বুদ্ধিজীবী ও সুধীজন এই সম্মেলনে উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত ও সংহতি প্রকাশ করেন।

বক্তারা আশা প্রকাশ করেন, এই আয়োজনের মাধ্যমে জাতীয় কবির সাম্য ও মানবতার বাণী বাংলার প্রতিটি কোণে পৌঁছে যাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। উপস্থিতদের ধন্যবাদ জ্ঞাপন করেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।