শিরোনাম

নরসিংদী, ১২ জুলাই, ২০২৬ (বাসস): জেলার রায়পুরার মরজাল ইউনিয়নের মাইজপাড়া এলাকায় ভারী বর্ষণে মাটির ঘরের দেয়াল ধসে নিহত শিক্ষার্থী তানঝুমার (৮) পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
আজ রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানার নির্দেশনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের মাধ্যমে নিহতের পরিবারকে নগদ ৫ হাজার টাকা এবং ৩০ কেজি খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
এর আগে গত বুধবার টানা ভারী বর্ষণের সময় বাড়ির পাশে থাকা একটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল ধসে তানঝুমার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তানঝুমা উপজেলার মরজাল ইউনিয়নের মাইজপাড়া গ্রামের আপেল মিয়ার মেয়ে এবং স্থানীয় মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, ভারী বর্ষণে মাটির ঘরের দেয়াল ধসে নিহত শিক্ষার্থী তানঝুমার পরিবারের পাশে দাঁড়ানোর হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মানবিক সহায়তা হিসেবে এই নগদ অর্থ ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।