বাসস
  ১২ জুলাই ২০২৬, ২০:৪৫

সিরাজগঞ্জে সম্ভাব্য বন্যায় ঝুঁকিপূর্ণ ৩১ ইউনিয়ন, মেডিকেল টিম গঠন

ফাইল ছবি

সিরাজগঞ্জ, ১২ জুলাই, ২০২৬, (বাসস) : দেশের বিভিন্নস্থানে আকষ্মিক বন্যায় মানুষের জানমালের ক্ষতি হওয়ার পাশাপাশি তৈরি হয়েছে স্বাস্থ্য ঝুঁকি।

তেমনই সিরাজগঞ্জ যমুনা নদীর তীরে অবস্থিত হওয়ায় এবং জেলার মধ্যে দিয়ে চলনবিল বয়ে যাওয়ায় এ জেলাতেও বন্যার আশঙ্কা করা হচ্ছে।

সেক্ষেত্রে জেলার ৮৩টি ইউনিয়নের মধ্যে ৩১টি ইউনিয়নকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি জেলায় সম্ভাব্য বন্যায় স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মোট ৯৩টি মেডিকেল টিম গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। 

আজ রোববার বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল আমীন। 

তিনি বলেন, সম্ভাব্য বন্যার কথা চিন্তা করে মানুষের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ও সেবা নিশ্চিতে ৮৩টি ইউনিয়নে ৮৩টি, ৯টি উপজেলায় ৯টি এবং জেলায় ১টিসহ মোট ৯৩টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়াও সকল উপজেলায় জরুরি ওষুধ, স্যালাইন, সাপে কাটা রোগীদের অ্যান্টিভেনাম, গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতসহ যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। 

এসময় ডেপুটি সিভিল সার্জন ডা. রিয়াজুল ইসলাম, পরিসংখ্যানবীদ হুমায়ুন কবির, সিরাজগঞ্জ  প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্নাসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।