বাসস
  ১২ জুলাই ২০২৬, ২০:৪১

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২৫ লাখ টাকার চেক প্রদান

ছবি : বাসস

পঞ্চগড়, ১২ জুলাই, ২০২৬, (বাসস): সড়ক দুর্ঘটনায় নিহতের পাঁচ পরিবারকে ২৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।

আজ রোববার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন ভুক্তভোগী পরিবারের সদস্যদের হাতে সহায়তার চেক তুলে দেন।
 
চেক প্রদান উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) পঞ্চগড় সার্কেল এই অনুষ্ঠানের আয়োজন করে। বিআরটিএ’র আর্থিক সহায়তা তহবিল ট্রাস্টি বোর্ড থেকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়।
 
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম ইমাম রাজী টুলু, বিআরটিএর সহকারী পরিচালক আলি আহসান মিলন, মোটরযান পরিদর্শক হিমাদ্রি ঘোটক, সড়ক দুর্ঘটনায় নিহতের স্বজনেরাসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন। 

এসময় পাঁচটি পরিবারকে ২৫ লাখ টাকার চেক দিয়ে আর্থিক সহায়তা দেওয়া হয়।

বিআরটিএ সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলায় গত পাঁচ মাস বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় কয়েকজন নিহত হয়। পরে নিহতের পরিবাররা বিআরটিএ অফিসে আর্থিক সহায়তার আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে আর্থিক সহায়তা তহবিল ট্রাস্টি বোর্ড থেকে তাদের আবেদন মঞ্জুর হয়।

পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন বলেন, সরকার সড়ক দুর্ঘটনায় নিহতদের ব্যাপারে সব সময় সহযোগিতা করে আসছে। তাদের খোঁজ খবর নেওয়া হয়। সড়ক দুর্ঘটনা মোটেও কাম্য নয়। তবে পরিবারটিকে আর্থিকভাবে সহযোগিতার জন্য এই টাকা দেওয়া হয়।