শিরোনাম

নীলফামারী, ১২ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী ইঞ্জিনচালিত রিকশার (মিথিলাভ্যান) ৪ যাত্রী নিহত হয়েছেন। তারা সবাই একই পরিবারে সদস্য।
আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের নদীয়া পাড়া গ্রামের যাদব রায় (৬), তার বোন বিপাশা রায় (৮), মা প্রতিভা রানী রায় (৩০) ও ভ্যানচালক ওই শিশুর সম্পর্কীয় কাকা পরিমল রায় (৩৫)।
এ ঘটনায় গুরুতর আহত আরেক ভ্যানযাত্রী সহিদুল ইসলামকে (৪০) রংপুর মেডিকেল কলেজ হসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তারা একটি ইঞ্জিনচালিত রিকশায় করে একই উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের মরালডাঙ্গা গ্রামে আত্মীয়র বাড়িতে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন।
পথে এক বট নামক স্থানে দ্রুতগতির একটি ট্রাক তাদের পেছন দিক থেকে ধাক্কা দিলে তারা রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে ভ্যানের যাত্রীরা চাপা পড়েন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বাসসকে বলেন, এ ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে আইনী প্রক্রিয়া চলমান আছে।