শিরোনাম

রংপুর, ১২ জুলাই, ২০২৬ (বাসস): রংপুর সিটি কর্পোরেশন (আরপিসিসি)-এর প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেছেন, আমরা রংপুরকে একটি পরিবেশবান্ধব, আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, অবকাঠামোগত সকল উন্নয়ন কাজের মান নিশ্চিত করতে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি। নির্ধারিত সময়ের মধ্যে এবং শতভাগ গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন হচ্ছে কিনা, তা নিশ্চিত করতে কঠোর নজরদারি করা হবে।
আজ নগরীর জাহাজ কোম্পানি মোড় থেকে মহিগঞ্জ সাতমাথা মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রায় চার কিলোমিটার দৈর্ঘ্যরে রাস্তাটি বিগত কয়েক বছর ধরে জরাজীর্ণ এবং এতে বড় বড় গর্ত তৈরি হওয়ায় যাতায়াতে নাগরিকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিগত সরকারের আমলে নগরবাসী রাস্তাটি সংস্কারের দাবিতে বেশ কয়েকবার বিক্ষোভ করেন।
প্রায় চার মাস আগে দায়িত্ব গ্রহণের পরপরই নবনিযুক্ত আরপিসিসি প্রশাসক মাহফুজ উন নবী ডন রাস্তাটি সংস্কারের প্রতিশ্রুতি দেন এবং নগরবাসীর দুর্ভোগ লাঘব করতে অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ গ্রহণ করেন।
আরপিসিসি প্রশাসক বলেন, শহরের অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক সুবিধা পুনরুদ্ধারের লক্ষ্যে ‘স্থানীয় সরকার কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রকল্প’-এর অধীনে ২০.৬৭ কোটি টাকারও বেশি ব্যয়ে সংস্কার কাজ বাস্তবায়ন করা হবে।
এই সংস্কার কাজের মধ্যে রয়েছে কার্পেটিং, রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট (আরসিসি) রোড, আরসিসি ড্রেন, ফুটপাতের টাইলস, রোড ডিভাইডার, রোড সেপারেটর, আলোর খুঁটি এবং স্মার্ট এলইডি স্ট্রিট লাইট স্থাপন।
তিনি বলেন, আরপিসিসি এলাকার মধ্যে এই সড়কটি হবে একটি পরিচ্ছন্ন সড়ক। পরবর্তীতে এই সড়কের আদলে মহানগরের অন্যান্য সড়কও সংস্কার করা হবে। এই গুরুত্বপূর্ণ সড়কটিতে ড্রেনেজ ব্যবস্থা ও আধুনিক এলইডি লাইট যুক্ত করা হলে এই এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে।
তিনি মহানগরীর উন্নয়নে নগরবাসীর পূর্ণ সহযোগিতা কামনা করেন।
এদিকে, জাহাজ কোম্পানি মোড় থেকে মহিগঞ্জ সাতমাথা মোড় পর্যন্ত মহানগরীর অন্যতম ব্যস্ততম সড়কের সংস্কার কাজের উদ্বোধনে নগরবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরপিসিসির সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার মো. আজম আলী, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মো. শামসুজ্জামান, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মালেক নিয়াজ আরজু, রংপুর মহানগর যুবদলের সদস্য-সচিব আতিকুল ইসলাম লেনিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, যুগ্ম আহ্বায়ক ওয়াহিদ মুরাদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইমরান হোসেন, সদস্য-সচিব নূর হাসান সুমন প্রমুখ।