শিরোনাম

ময়মনসিংহ, ১২ জুলাই, ২০২৬ (বাসস) : ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস.এম.হুমায়ুন কবির সরকার বলেছেন, আমাদের শুধু জন্মনিয়ন্ত্রণে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবার পরিকল্পনা জরুরি। নিয়ন্ত্রিত ও পরিকল্পিত পরিবার পরিকল্পনার মাধ্যমে আমরা আরও ভালো কিছু করতে চাই এ দেশের মানুষের জন্য।
বাংলাদেশে বিশ কোটি জনগণের চল্লিশ কোটি হাতকে পুরোপুরি কর্মক্ষম করার পূর্ব পর্যন্ত নিয়ন্ত্রণ জরুরি। তা না হলে অনিয়ন্ত্রিত জনসংখ্যা জনসম্পদে পরিণত না হয়ে জনদুর্ভোগে পরিণত হবে। সুস্থ, শিক্ষিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি বয়ে আনে। একটি সুস্থ, সুন্দর ও পরিকল্পিত পরিবারই হোক আগামীর ভবিষ্যৎ।
আজ রোববার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদে ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ময়মনসিংহ বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে ‘তারুণ্যের আশা-আকাক্সক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এ প্রতিপাদ্যে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেকহা) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন ও বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. প্রদীপ কুমার সাহা।
ময়মনসিংহ বিভাগীয় প.প. কার্যালয়ের পরিচালক মো. মাজহারুল হক চৌধুরীর সভাপতিত্বে জেলা প.প. কার্যালয়ের ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীগণ উপস্থিত ছিলেন।
সভায় বিশেষ অতিথি বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) বলেন, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। যদি জনসংখ্যার অপরিকল্পিত বৃদ্ধি নিয়ন্ত্রণ করা না যায়, তবে এটি বোঝায় পরিণত হবে। তাই পরিকল্পিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যাই দেশের সম্পদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ‘মমেকহা’র পরিচালক বলেন, পরিবার কল্যাণ পরিদর্শিকা থেকে শুরু করে বিভাগীয় পর্যায় পর্যন্ত কাজটি দলগত প্রচেষ্টার ফসল। মাঠ পর্যায়ের বিশাল কাজের সফল বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টা দরকার।
সভায় সমাপনী বক্তব্যে সভাপতি বলেন, পরিবার পরিকল্পনার মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা মানুষের দোরগোড়ায় এমনকি বাড়ির রান্নাঘর পর্যন্ত পৌঁছে সেবা দিয়ে থাকে। শুধু জন্মনিয়ন্ত্রণ নয়, মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি, উঠান বৈঠক, বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধি করে থাকে পরিবার পরিকল্পনা। সুস্থ পরিবার, সুস্থ দেশ, সমৃদ্ধ অর্থনীতি।
সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করা ময়মনসিংহ বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের হাতে পুরস্কার হিসেবে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।