শিরোনাম

নেত্রকোণা, ১২ জুলাই, ২০২৬ (বাসস) : ‘তারুণ্যের আশা-আকাক্সক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এ প্রতিপাদ্যে জেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আজ রোববার সকাল ৯ টায় সদর উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী প.প. কর্মকর্তা মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
প্রধান অতিথি বলেন, তারুণ্যের আশা-আকাক্সক্ষা বাস্তবায়ন ও সুন্দর আগামী গড়ার লক্ষ্যে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে। সুখী ও সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ে তুলতে তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকীউল বারী।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা প.প. বিভাগের সহকারী পরিচালক ডা. বিজয় প্রকাশ বিশ্বাস, সদর উপজেলা প.প.কর্মকর্তা কামাল হোসেন এবং সদর উপজেলা প.প.বিভাগের মেডিকেল অফিসার (মা, শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা) ডা. কৃপানাথ পাল, আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা বেগম,প্রমুখ।
বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি পরিকল্পিত পরিবার গঠনে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে মাঠ পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
উল্লেখ্য, দিবসটি উপলক্ষে ১১ জুলাই মা ও শিশু কল্যাণ কেন্দ্রে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং আগামী ১৩ জুলাই সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের বালুয়াকান্দা আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্কুল স্বাস্থ্য শিক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।