বাসস
  ১১ জুলাই ২০২৬, ২২:০৩

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত 

গাজীপুর, ১১ জুলাই ২০২৬ (বাসস): জেলার শ্রীপুর উপজেলায় আজ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময়ে কাভার্ড ভ্যানের চাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

আজ শনিবার দুপুরে উপজেলার বেড়াইদেরচালা গ্রামের ২ নম্বর সিএন্ডবি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিরোজপুর সদর উপজেলার উত্তর রাণীপুর গ্রামের সেকান্দার আলী বেপারীর ছেলে রাকিব হাসান (৩৫), তার স্ত্রী বিথী আক্তার (৩০) এবং তাদের ৯ মাস বয়সী ছেলে নুর। 

নিহত রাকিব হাসান শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিম্যাক গার্মেন্টস লিমিটেডের মানবসম্পদ বিভাগে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব হাসান তার স্ত্রী বিথী আক্তার ও তাদের নয়মাস বয়সী ছেলে নুরকে  নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী লেনে দ্রুতগতির একটি অজ্ঞাত কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিথী আক্তারের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় রাকিব হাসানকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের ৯ মাস বয়সী সন্তান নুরের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘাতক কাভার্ড ভ্যানটি শনাক্ত ও আটকের লক্ষ্যে অভিযান চলছে।