শিরোনাম

শেরপুর, ১১ জুলাই ২০২৬ (বাসস): জেলায় আজ ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ১৩ জনকে সহায়তা প্রদান করা হয়েছে।
আজ শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের মধ্যে মুদি দোকানী সামগ্রী, কাঁচামাল ও ছাগলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।
শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, সহকারি কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।
সদর উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে ১৩ জন ভিক্ষুককে পুনর্বাসন ও স্বাবলম্বী করতে মুদি দোকানী সামগ্রী, কাঁচামাল ও ছাগলসহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়।