শিরোনাম

সাতক্ষীরা, ১১ জুলাই ২০২৬ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় ওষুধ, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও নেশাজাতীয় সামগ্রী সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
এ সময় মো. রফিকুল ইসলাম (৪০) নামের একব্যক্তিকে আটক করা হয়েছে।
জব্দকৃত ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ছয়লাখ ৮৯ হাজার দুইশ’ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
আজ শনিবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার গাজীপুর, তলুইগাছা, কাঁকডাঙ্গা ও চান্দুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গাজীপুর বিওপির বিশেষ বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার ঘেরপাড় নামক স্থান হতে ভারতীয় ওষুধ, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার আমবাগান নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং কাঁকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি ও রাজ্জাকের মোড় নামক স্থান হতে ভারতীয় মদ, উইনকেরেক্স সিরাপ ও ওষুধ জব্দ করে।
এছাড়া, চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার আমবাগান নামক স্থান হতে ভারতীয় নেশাজাতীয় উইনকেরেক্স, এসকাফ ও কফ রিলিফ সিরাপসহ রফিকুল ইসলাম নামের একব্যক্তিকে আটক করা হয়। আটককৃত মো. রফিকুল ইসলাম জেলার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া এলাকার মৃত আনসার আলীর ছেলে।
অন্যদিকে, জব্দকৃত ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ছয়লাখ ৮৯ হাজার দুইশ’ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে আলামতসহ থানায় জমা হয়েছে।এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।