শিরোনাম

চট্টগ্রাম, ১১ জুলাই, ২০২৬ (বাসস) : চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী ১৬ জুলাই, বৃহস্পতিবার বিকেল ৩টায় উদ্বোধনের পর নন্দনকানন রথের পুকুর পাড় থেকে কেন্দ্রীয় রথের সাথে পর্যায়ক্রমে যোগ দেবে নগরের ১২টি আঞ্চলিক কমিটির রথসহ বিভিন্ন মঠ-মন্দিরের রথ।
নগরীর নন্দনকানন তুলসীধামে আয়োজিত আজ এক সংবাদ সম্মেলনে আসন্ন রথযাত্রা উৎসবের বিস্তারিত তুলে ধরেন ঋষিধাম অধিপতি ও তুলসীধামের মোহন্ত শ্রীমৎ দেবদীপানন্দ পুরী মহারাজ।
এসময় লিখিত বক্তব্যে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি হিরন্ময় ধর বলেন, তুলসীধামের রথযাত্রা তিনশ বছরের প্রাচীন। ১৮শ খ্রিষ্টাব্দের পর থেকে চট্টগ্রামে শুরু হয় রথযাত্রা উৎসব। কালের পরিক্রমায় এটি কেন্দ্রীয় রথযাত্রায় রূপ নিয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও রথের পুকুর পাড় থেকে নগরের বেশ কিছু রথ নিয়ে বর্ণাঢ্য আয়োজনে রথ পরিক্রমা হবে।
তিনি জানান, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ চট্টগ্রামে এই রথযাত্রা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের কেন্দ্রীয় রথযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তুলসী ধামে জগন্নাথদেবের স্নানযাত্রার পর থেকে ১৫ দিন ধরে চলমান রয়েছে অদ্বৈত-অচ্যুত চিকিৎসক ফোরামের চিকিৎসাসেবা ক্যাম্প। তুলসীধাম মদনমোহন মন্দিরে ১৬ জুলাই চলবে পূজার্চনা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিধান ধর, অর্থ সম্পাদক সুজিত হাজারী, রথ পরিক্রমার সমন্বয়কারী শ্যামদাশ ধর, তপন ধর, প্রবীর দাশ, অ্যাডভোকেট সুজন কান্তি দে প্রমুখ।