বাসস
  ১১ জুলাই ২০২৬, ১৭:৩৪

দিনাজপুরে নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সাড়ে ৫ কোটি টাকা বরাদ্দ 

ছবি : বাসস

॥ রোস্তম আলী মন্ডল ॥

দিনাজপুর, ১১ জুলাই ২০২৬ (বাসস): জেলার বিরল ও বোচাগঞ্জ উপজেলার নয়টি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও সংস্কার করার জন্য ৫ কোটি ৪০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।  

দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহিনুর ইসলাম বাসসকে বলেন, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর উদ্যোগে এ বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দকৃত অর্থ দিয়ে জেলার বিরল ও বোচাগঞ্জ উপজেলার তিনটি নতুন মডেল শিক্ষা প্রতিষ্ঠান ভবন নির্মাণ এবং ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান ভবন সংস্কারের কাজ করা হবে। 

তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভবন নির্মাণ ও সংস্কার কাজের জন্য চলতি জুলাই মাসে দরপত্র আহ্বান করা হবে। দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পূর্ণ করা হবে। 
দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের পরিচালনা বাজেটের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে আমার সংসদীয় এলাকার নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ কোটি ৪০ লক্ষ টাকা উন্নয়ন বরাদ্দ অনুমোদন দিয়েছে সরকার।

তিনি বলেন, চলতি অর্থ বছরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনাবাসিক ভবন নির্মাণ, সম্প্রসারণ, মেরামত, পুনর্বাসন ও সংস্কার কাজ বাস্তবায়নের লক্ষ্যে এই বরাদ্দ দেওয়া হয়েছে। শিগ্গিরই ই-জিপি পদ্ধতিতে দরপত্র আহ্বানের মাধ্যমে কাজ শুরু হবে।

তিনি বলেন, বরাদ্দ প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মধ্যে নতুন অনাবাসিক মডেল ভবন নির্মাণের জন্য জেলার বিরল উপজেলার উত্তর মাধবপুর উচ্চ বিদ্যালয়ে ১ কোটি ৫০ লাখ টাকা এবং পশ্চিম শংকরপুর নুরুল হুদা দাখিল মাদ্রাসার নতুন ভবন নির্মাণে ১ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জেলার বোচাগঞ্জ উপজেলার কোদালকাটি উচ্চ বিদ্যালয় ভবন নির্মাণে ১ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

তিনি জানান, মেরামত ও সংস্কার কাজের জন্য বিরল উপজেলার কামদেবপুর উচ্চ বিদ্যালয়ে ১৫ লাখ টাকা, একই উপজেলার ধুকুরঝাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ১৫ লাখ টাকা, বোর্ডহাট দারুল উলুম দাখিল মাদ্রাসায় ১৫ লাখ টাকা, বোচাগঞ্জ উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১৫ লাখ টাকা মোবারকপুর জুনিয়র উচ্চ স্কুলে ১৫ লাখ টাকা এবং রামনগর দাখিল মাদ্রাসায় ১৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 

তিনি বলেন, শিক্ষা ভবন, ঢাকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ( ডেস্ক-১) মোঃ মেহেদী ইকবাল স্বাক্ষরিত পত্রের মাধ্যমে বিষয়টি তাকে নিশ্চিত করা হয়েছে।

এলাকার শিক্ষানুরাগী ও সচেতন মহল এই বরাদ্দের জন্য এমপি সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে, দায়িত্ব গ্রহণের স্বল্প সময়ের মধ্যেই তিনি শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে কার্যকর ভূমিকা রেখে বিরল এবং বোচাগঞ্জ দুটি উপজেলার উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করেছেন। তার পরিকল্পিত নেতৃত্বে এ অঞ্চল উন্নয়নের ক্ষেত্রে একটি অনুকরণীয় মডেলে পরিণত হবে বলে তারা আশা করেন।